বগুড়ায় ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খান। সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাকিব খান জানান, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আন্দোলনে আহত এক জুলাইযোদ্ধাকে দাওয়াতপত্র পৌঁছে দিতে তিনি চারমাথা থেকে মাটিডালির দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশায় বসে ফোনে কথা বলার সময় পেছন দিক থেকে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার হাত থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীদের ধাক্কায় সাকিব খান অটোরিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশির বলেন, “ঘটনাটি তদন্তাধীন। এটি পরিকল্পিত হামলা, নাকি সাধারণ ছিনতাই—সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে আটক করা হয়নি।





