বঙ্গোপসাগরের ভাসান চরের মোহনায় মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে থাকা আট জেলের মধ্যে সাতজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন একজন।

\r\n

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ জেলের নাম মিজানুর রহমান (৩০), তিনি ভোলার চরফ্যাশন উপজেলার হাজিরগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

\r\n

চরফ্যাশনের শামরাজ মাছঘাট আড়ত মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন জানান, শুক্রবার বিকেলে তার আড়তের খোরশেদ মাঝির ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করে। সোমবার রাত ১১টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসান চর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে সাগরের মোহনায় এসে পৌঁছালে হঠাৎ প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

\r\n

ট্রলারে থাকা আট মাঝি-মাল্লার মধ্যে সাতজনকে কাছাকাছি থাকা অন্য ট্রলারের জেলেরা জীবিত উদ্ধার করেন। তবে মিজানুর রহমান এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনার সময় ট্রলারটি জাল ও অন্যান্য মালামালসহ স্রোতে ভেসে যায়।

\r\n

এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানা গেছে।