পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলের কাছে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র অস্থিতিশীল হয়ে উঠেছে, তাই চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের পরিচালক খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপটি উত্তর বা উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার–বাংলাদেশ উপকূলের দিকে যেতে পারে।
লঘুচাপের প্রভাবে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং আশপাশের এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।





