বরিশাল মহানগরে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে নগরীর এয়ারপোর্ট থানার কলসগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক তরুণীর নাম জাহিদা বেগম (২০)। তিনি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে ঢাকা থেকে বরিশালগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটক তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।