ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে ভ্যান র‍্যালি করেছে ছাত্রজনতা। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে তিনটি পিকআপ ভ্যান নিয়ে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ওসমান বিন হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালির আয়োজক জিয়াউর রহমান নাইম বলেন, হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচারিক কার্যক্রম দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, বরিশালের ছাত্রজনতা বারবার আন্দোলন করলেও সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, দেশে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা বন্ধ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ওসমান বিন হাদি হত্যায় জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।