বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ১১টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশুর কেউই হামের টিকা নেয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃত দুই শিশু হলো বরগুনার তালতলী উপজেলার কুকুয়া গ্রামের মো. ইমরানের ৭ মাস বয়সী কন্যা ইয়ামনি এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী গ্রামের ফারুক হাওলাদারের ২ বছর বয়সী ছেলে মাহি।
জানা গেছে, মাহি ১৩ মার্চ রাত ২টায় হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে ইয়ামনিকে ১২ এপ্রিল বিকেলে ভর্তি করা হলে পরদিন রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের সহকারী পরিচালক আবদুল মোনায়েম সাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজন শিশুকেই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ নিয়ে শেবাচিম হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট সাতজন শিশুর মৃত্যু হলো। এর আগে ৮ ও ৯ মার্চ আরও চারজন শিশুর মৃত্যু হয়েছিল।
বর্তমানে হাসপাতালে ১১৭ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন ভর্তি হয়েছে।
এখন পর্যন্ত হাসপাতালে মোট ৪৭৬ জন শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ৩৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৫ জন শিশু।





