মোঃ মিজানুর রহমান (ভোলা)
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দঘন র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন।
এছাড়াও আয়োজিত মেলায় নানারকম হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মেলায় মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, বাঁশ ও বেতের সামগ্রীসহ গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন উপকরণ স্থান পায়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





