যশোর প্রতিনিধি : গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দেশে ৫০ বছর ধরে  কালো টাকা, দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে। পতিত ওই রাজনীতি বন্ধ ছাড়া দেশে পরিবর্তন আনা সম্ভব হবে না। বর্তমান সরকারও সেই ধারায় চলছে, তাদের মধ্যে ব্যতিক্রম কিছু নেই। উপদেষ্টারাও ক্ষমতা ভোগ করছেন। 

বৃহস্পতিবার বিকেলে যশোর জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৮-এর কোটা সংস্কার থেকে শুরু করে ২৪-এর রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় যশোর টাউন হল ময়দানে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ভিপি নূর আরো বলেন, পুরানো ব্যবস্থা দিয়ে দেশ চলবে না। সকল ক্ষেত্রে সংস্কার হতে হবে। আমরা রাষ্ট্র পুনর্গঠন না করে নির্বাচন চাই না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটি অচল মাল। এদেশে আর তাদের ফিরে আসার সুযোগ নেই। যতই মত বিরোধীতা থাকুক আওয়ামী লীগ প্রশ্নে এ দেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। ফলে মরা লাশে জীবন ফেরার আশায় কেউ থাকবেন না। অন্য রাজনৈতিক প্লার্টফর্ম খুঁজুন। 

যশোর জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে  সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বক্তব্য দেন।