“ফ্যাসিবাদের দোসররা আজ সমাজের সর্বস্তরে বিস্তৃত। যদি আমরা সতর্ক না হই, তাহলে তারা আবার ছোবল দিতে পারে”—বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বৃহস্পতিবার যশোরে এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন।
যশোর ঈদগাহ মোড়ে জেলা যুবদল আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, “ভোটের অধিকার নিশ্চিত করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দেশে গণতন্ত্র এখনো ফেরত আসেনি। আমাদের লড়াই চলমান, যুবারা যদি মনে করে গন্তব্যে পৌঁছে গেছি, তাহলে সেটা হবে ভয়ানক ভুল।”
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে অমিত আরও বলেন, “শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে আন্দোলনের একটি ধাপে, কিন্তু হারানো গণতন্ত্র এখনও ফিরিয়ে আনতে পারিনি। তাই নতুন করে শপথ নিতে হবে—যতদিন গণতন্ত্র না ফিরে আসে, ততদিন সংগ্রাম অব্যাহত থাকবে।”
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।





