বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এই দেশে আর কোনো নির্বাচন আওয়ামী স্টাইলে হবে না। আগামী নির্বাচনে জনগণই ঠিক করবে দেশের ভবিষ্যৎ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই মাতৃভূমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং সৎ মানুষের শাসন কায়েম করতে চায়। স্বাধীনতার পর দেশ শাসন করেছে তিনটি দল—একটি দল দেশ ছেড়ে পালিয়ে গেছে, আরেকটি নয় বছর ভোট ছাড়া ক্ষমতায় ছিল, আর তৃতীয় দল পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশে দুর্নীতি, দুঃশাসন, দলীয় সংঘর্ষ ও চাঁদাবাজির কারণে একটি দলের মধ্যে সংঘর্ষে দুইশত মানুষ নিহত হয়েছে। যাদের হাতে নিজেদের কর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশ কখনও নিরাপদ থাকবে না। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন—কোনো দলের নয়—যাতে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবে এবং দেশের যেকোনো স্থানে সুশৃঙ্খল পরিবেশে কাজ করতে পারবে।”
তিনি দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী, যিনি বলেন, “নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তোলা হবে।”
উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।





