বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতে না খেলার সিদ্ধান্তকে ঘিরে জটিল অবস্থায় পড়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। ভেন্যু পরিবর্তনের বিষয়ে বিসিবি যে আবেদন করেছে, তার কোনো আনুষ্ঠানিক জবাব এখনো দেয়নি আইসিসি। এতে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট প্রশাসনের মধ্যে এক ধরনের অস্বস্তিকর টানাপোড়েন তৈরি হয়েছে, যা ধীরে ধীরে আইসিসির জন্য বড় পরীক্ষায় পরিণত হচ্ছে। সেই পরীক্ষার কেন্দ্রেই রয়েছেন জয় শাহ।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এই বৈঠকের মূল আলোচ্য বিষয়ই হবে বাংলাদেশের অবস্থান এবং সংশ্লিষ্ট জটিলতা।
জানা গেছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে আসা নিয়ে যে তাৎক্ষণিক সংকট তৈরি হয়েছে, তার সমাধান খুঁজে বের করাই এই বৈঠকের লক্ষ্য। বিসিবির পাঠানো চিঠির আনুষ্ঠানিক জবাব দেওয়ার আগে বিষয়টি অভ্যন্তরীণভাবে পর্যালোচনা করতে চায় আইসিসি। এ প্রক্রিয়ায় বিসিসিআই ও আইসিসির ব্যবস্থাপনা দলের মধ্যে পুরো টুর্নামেন্টের সূচি এবং নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ কেন নিজেকে উপেক্ষিত মনে করছে এবং আইসিসির দেওয়া আশ্বাসগুলো কেন তাদের কাছে পর্যাপ্ত মনে হয়নি, সেটিও চিহ্নিত করার চেষ্টা থাকবে বৈঠকে। আইসিসির আগের বার্তাগুলো কেবল দাপ্তরিক ভাষায় সীমাবদ্ধ ছিল কি না, সেখানে সহমর্মিতার ঘাটতি ছিল কি না এ ধরনের প্রশ্নও উঠে আসতে পারে।
বর্তমান পরিস্থিতিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহর ভূমিকা বেশ সংবেদনশীল। তাকে ভারতীয় ক্রিকেট প্রশাসনের প্রতিনিধি হিসেবে নয়, বরং বৈশ্বিক ক্রিকেটের নিরপেক্ষ অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এই সংকটের সমাধান কোন পথে যায়, সেটিই এখন সবার নজরে।





