দেশের সমুদ্রসীমা রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকা’র উদ্যোগে গরিব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মিরপুর-১৪ এলাকায় অবস্থিত নাবিক আবাসিক এলাকায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বিএনএফডব্লিউএ’র প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। এ সময় সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিএন লেডিস ক্লাব ঢাকা’র চেয়ারম্যান, বিএনএফডব্লিউএ ঢাকা’র চেয়ারম্যান, বিএনএফডব্লিউএ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টবৃন্দ, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল এবং বিএনএফডব্লিউএ ঢাকা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে বিএনএফডব্লিউএ’র প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা শীতার্তদের খোঁজখবর নেন এবং শীতকালীন কষ্ট লাঘবে বাংলাদেশ নৌবাহিনী ও বিএনএফডব্লিউএ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

সংঘের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচি বাংলাদেশ নৌবাহিনীর মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা দেশের সামগ্রিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।