বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর-কে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। গভর্নরের নির্দেশে মানবসম্পদ বিভাগ থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
শোকজ পাওয়া তিন কর্মকর্তা হলেন— নওশাদ মোস্তফা, একেএম মাসুম বিল্লাহ এবং গোলাম মোস্তফা শ্রাবন। তারা বাংলাদেশ ব্যাংকের নীল দল ও অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সঙ্গে সংশ্লিষ্ট।
গত ১৬ ফেব্রুয়ারি আকস্মিকভাবে ডাকা এক সংবাদ সম্মেলনে তারা গভর্নরের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন। দুর্বল ব্যাংকের সঙ্গে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াসহ কয়েকটি বিষয়ে প্রশ্ন তুলে গভর্নরকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করেন।
এদিকে সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকের স্টাফ রেগুলেশন অনুযায়ী সংবাদ সম্মেলন বা প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আগে গভর্নরের অনুমোদন প্রয়োজন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে আপত্তি থাকলে তা অভ্যন্তরীণ ফোরামে তোলার সুযোগ রয়েছে। কিন্তু অনুমোদন ছাড়া সংবাদ সম্মেলন করায় নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনে বিকাশকে দ্রুত ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়। তবে কর্মকর্তাদের সরবরাহ করা নথিতে দেখা গেছে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স মূল্যায়নসহ আটটি এজেন্ডা নিয়ে পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে একেএম মাসুম বিল্লাহ বলেন, তারা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন চান, তবে তা কোনো ব্যক্তির জন্য নয়। নওশাদ মোস্তফা বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট না থাকলে হয়তো তারা এতটা খোলামেলা বক্তব্য দিতেন না।





