জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া: জীবন ও কর্ম' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহন করেন।
এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.বি.এম আজিজুর রহমানের সঞ্চালনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, 'খালেদা জিয়া যদি চাইতেন, নানান অজুহাতে এরশাদের শাসনামলেই সুবিধা ভোগ করতে পারতেন কিংবা ২০০১ সালে সরকারে থাকার সময় ‘গ্লোবাল ওয়ার্ল্ড টেরর’-এর সেই মিছিলে যুক্ত হতে পারতেন—কিন্তু তিনি তা করেননি।
সেজন্যই আমি তাঁকে বাংলাদেশপন্থী বলি। একজন মানুষের মধ্যে কতটা ধৈর্য, মানবিকতা আর মহৎ হলে ২৪-এর গণঅভ্যুত্থানের পর তাঁর বক্তব্যেই তিনি বলেছেন—হিংসা নয়, প্রতিশোধ নয়; সবাই মিলে বাংলাদেশ গড়তে হবে।
তো কাকে বলব বাংলাদেশপন্থী ? বাংলাদেশপন্থী বলতে তো খালেদা জিয়াকেই বলতে হয়।
তিনি শুরু থেকে যে স্লোগান দিয়ে রাজনীতি শুরু করেছেন, তাঁর জীবনসায়াহ্নে নিপীড়িত ও নির্যাতিত হওয়ার পরও—প্রতিশোধ বা কষ্ট প্রকাশের উপযুক্ত সময়েও—তিনি সবথেকে সুন্দর ও মানবিক বক্তব্য দিয়েই বিদায় নিয়েছেন।আমি তার বিধেহি আত্মার মাগফিরাত কামনা করছি।





