দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বা সরকারি সুবিধার অপব্যবহার করলে নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে।
শনিবার (১৪ মার্চ) প্রকাশিত বিশেষ বার্তায় বলা হয়েছে, দেশটির করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অনুপযুক্ত ব্যবহার বা ওপর নির্ভরশীল হয়ে পড়লে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ম সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের জন্য প্রযোজ্য, যেমন পর্যটক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সাংবাদিক বা ট্রানজিট যাত্রী।
দূতাবাস আরও জানায়, ভ্রমণের সময় নিজের খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা জরুরি চিকিৎসার সময় সরকারি সুবিধার ওপর নির্ভর করলে ভিসা তাৎক্ষণিক বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ভিসা আবেদন করার সময় আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়। তবে অনেক দর্শনার্থী সেখানে গিয়ে সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এই ধরনের অনিয়ম প্রতিরোধে যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থান নিয়েছে।
দূতাবাস সকল ভ্রমণকারীকে অনুরোধ করেছে, সম্ভাব্য জরুরি খরচসহ পুরো ভ্রমণের জন্য পর্যাপ্ত অর্থের প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রে যাত্রা পরিকল্পনা করতে।





