সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সংলগ্ন ভারতীয় সীমান্তে কয়েক দিন ধরে পড়ে আছে এক বাংলাদেশি যুবকের মরদেহ। নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন। তার পরিবার জানায়, সাদ্দাম ও তার বন্ধুরা সীমান্ত পার হওয়ার পর কোমর ও পায়ে গুলি করে তাকে হত্যা করা হয়।

সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সাদ্দাম আরও তিনজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এর মধ্যে একজন বন্ধু আবু বক্কর গুলিবিদ্ধ অবস্থায় দেশে ফিরেন এবং সাদ্দামের পরিবারের কাছে ঘটনা জানান।

নিহত সাদ্দামের বড় ভাই নিজাম উদ্দিন বলেন, “আমার ভাইয়ের কোমর ও পায়ে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার আমরা কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।”

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, “লাশ সীমান্তের ওপারে পড়ে আছে। মরদেহ আনা হলে আমরা আইনি ব্যবস্থা নেব।”

সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, “স্থানীয়দের মাধ্যমে তথ্য পাওয়া গেছে। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি, তবে তারা কোনো তথ্য নিশ্চিত করেনি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য সচেতন করা হয়েছে।”