ভারতে বাংলাদেশি সন্দেহে এবং উগ্রবাদী গোষ্ঠীর রোষানলে পড়ে আরও এক বাঙালি মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলার কোমারোলু এলাকায় গত বুধবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকার বাসিন্দা ৩২ বছর বয়সি মঞ্জুর আলম লস্করকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তার পরিবার দাবি করেছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, মঞ্জুর প্রায় এক দশক ধরে ওই এলাকায় জরির কারিগর হিসেবে কাজ করছিলেন। দীর্ঘদিন বসবাস করলেও স্থানীয় কিছু উগ্রবাদী গোষ্ঠী তাকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ তাকে চুরির মিথ্যা অভিযোগে মারধর করে হত্যা করা হয়।
নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের আগে মঞ্জুরকে অপহরণ করা হয়েছিল। গত মঙ্গলবার তার স্ত্রীকে ফোন করে ২৫ হাজার রুপি মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে ৬ হাজার রুপি পাঠানো হলেও বুধবার রাতে জানানো হয়, মঞ্জুরকে হত্যা করা হয়েছে।
নিহতের বড় ভাই গিয়াসউদ্দিন লস্কর এই ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যা বলে উল্লেখ করেছেন। তার অভিযোগ, বাংলাদেশি তকমা লাগিয়ে প্রথমে অপহরণ, এরপর মুক্তিপণ আদায় এবং শেষ পর্যন্ত পিটিয়ে হত্যা করা হয়েছে মঞ্জুর আলম লস্করকে।





