যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত কার্যকর করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ঢাকার মার্কিন দূতাবাস সোমবার এক ফেসবুক পোস্টে জানায়, এই সিদ্ধান্ত গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।


দূতাবাস জানায়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর তুলনামূলক বেশি নির্ভরশীল, মূলত সেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। তবে এটি ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।


ভিসা স্থগিত থাকলেও এসব দেশের নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকার নির্ধারণ কার্যক্রম অব্যাহত রাখবে।


৭৫টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কিউবা, মিসর, ইরান, ইরাক, পাকিস্তান, রাশিয়া, সিরিয়া, ইয়েমেনসহ আরও কয়েকটি দেশ।