বাইরের একটি আগ্রাসী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায়, আর অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছেন—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

\r\n

সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

\r\n

গাজী আতাউর রহমান বলেন, \"বাইরের একটি আগ্রাসী শক্তি বাংলাদেশকে মুখের গ্রাসে পরিণত করতে চায়। অধ্যাপক ইউনূস তাদের জন্য গলার কাঁটা হয়ে আছেন। তারা চান, তিনি যত দ্রুত মঞ্চ থেকে সরে যান, ততই তাদের জন্য স্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে।\"

\r\n

নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান সংকট নিয়ে তিনি বলেন, \"মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ–উৎকণ্ঠা বিরাজ করছে—তা স্পষ্টভাবে তুলে ধরা দরকার। পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা জরুরি।\"

\r\n

সংস্কার ইস্যুতে ইসলামী আন্দোলনের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “প্রথমেই সংস্কারের বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। যদি সংস্কারের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তাহলে পরিবেশ আরও ঘোলাটে হয়ে উঠতে পারে। এই আশঙ্কার কথা আমরা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি।”

\r\n

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আরও বেশ কয়েকটি দল অংশ নেয়। বৈঠক শেষে দলগুলো নিজেদের মতামত তুলে ধরার পাশাপাশি চলমান প্রক্রিয়াকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ প্রদান করে।