পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সদ্য ঘোষিত উপজেলা যুবদলের কমিটিতে পদ পাওয়ার পর সাবেক বহিষ্কৃত নেতা মো. রিয়াজ মাহমুদের এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের বাসভবনে আয়োজিত এক সভায় অংশ নিয়ে বাউফল পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ও সাবেক শ্রমিক লীগ সভাপতি মো. রিয়াজুল ইসলাম রিয়াজের সঙ্গে ছবি তোলেন সদ্য ঘোষিত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদ।


পরবর্তীতে আওয়ামী লীগ নেতা রিয়াজ তার ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে যুবদল নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা উল্লেখ করেন। তার ফেসবুক প্রোফাইলে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে তোলা ছবি এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের চিত্রও রয়েছে।


এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দেয়। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি আহসান খোন্দকার ক্ষোভ প্রকাশ করে বলেন, রিয়াজ মাহমুদ অতীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষে কাজ করার অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন। পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চলতি মাসে গঠিত আংশিক কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।


তিনি অভিযোগ করেন, নতুন কমিটিতে পদ পাওয়ার পর রিয়াজ মাহমুদ আবারও আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠতা দেখাচ্ছেন। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি করেন।


এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।