জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেছেন, ১৯৭৪ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠায় শেখ মুজিবুর রহমানকে সহযোগিতা করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার পথ তৈরি করেছিল। এ কারণে, আওয়ামী লীগের পাশাপাশি সিপিবিকেও মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনতে হবে।

\r\n

সোমবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

\r\n

পোস্টে তুহিন লেখেন, “একাত্তরের মুক্তিযুদ্ধে  যারা বিরোধিতা করেছে, তাদের যেমন ক্ষমা নেই; তেমনি একাত্তরের পর যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, তারাও সমান অপরাধী।” তিনি বলেন, “১৯৭৪ সালে সিপিবি শেখ মুজিবের সঙ্গে এক হয়ে বাকশাল কায়েম করেছিল। বিরোধী মত দমন ও বাকশালবিরোধীদের খুনের মাধ্যমে তারা গণতন্ত্র ধ্বংস করেছে। তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

\r\n

এনসিপি নেতা আরও লেখেন, “বাম রাজনীতি ও তাদের সাংস্কৃতিক উইং দেশজ সংস্কৃতির ওপর আগ্রাসন চালিয়েছে। রাজাকার ও ধর্মপ্রাণ মুসলমানদের দায়ী করতে গিয়ে নিজেদের ভূমিকা আড়াল করেছে। তাদের এসব কর্মকাণ্ডের জন্যও ক্ষমা চাইতে হবে।”

\r\n

আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে তুহিন বলেন, একাত্তরের আদর্শের বিরুদ্ধে যাঁরা অবস্থান নিয়েছে এবং পরবর্তীতে যাঁরা সেই চেতনার অপব্যাখ্যা দিয়ে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে—তাদের সবাইকেই বিচারের মুখোমুখি করা উচিত।