আদর্শিক ও রাজনৈতিক দর্শনের অমিলের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কসহ ১২ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে প্রধান সমন্বয়ক আলী হুসাইন জানান, ২০২৫ সালের জুন মাস থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা ও নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দলের যাত্রা শুরু হলেও বর্তমানে দলের রাজনৈতিক অবস্থান ও সমীকরণে গুরুতর অসামঞ্জস্য দেখা দিয়েছে।
তিনি বলেন, যে আদর্শ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন নিয়ে তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বর্তমান বাস্তবতায় তার ব্যত্যয় ঘটছে। ব্যক্তিগত রাজনৈতিক দর্শনের সঙ্গে দলের দর্শনের সাংঘর্ষিক অবস্থানের কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য হিসেবে দেশ ও জাতির সেবায় আজীবন নিয়োজিত থাকার কথা উল্লেখ করে আলী হুসাইন বলেন, তিনি সে দায়িত্ব পালন করবেন, তবে এনসিপির সদস্য হিসেবে নয়।
পদত্যাগকারী অন্য নেতাকর্মীরা হলেন—যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি এবং মো. রাতুল আহসান। সংবাদ সম্মেলনে তারা সবাই আলী হুসাইনের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।





