বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ‘জানের সদকা’ হিসেবে ছাগল দান করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এম এ সালামের ব্যক্তিগত উদ্যোগে মোট ১১টি এতিমখানা ও মাদ্রাসায় এসব ছাগল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ, মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এম এ সালাম বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আমরা মাদ্রাসাগুলোতে দোয়া ও কল্যাণমূলক কাজে অংশ নিচ্ছি। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন, এটাই আমাদের প্রত্যাশা।”
ছাগল হস্তান্তরের পর মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করা হয়।





