আলোচিত সেলিব্রিটি জুটি গায়িকা টেলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসে আনুষ্ঠানিকভাবে বাগ্দানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ পোস্টে নিজেদের বিয়ের খবর শেয়ার করেন তারা। পোস্টটিতে লেখা ছিল, “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।” সঙ্গে ছিল প্রস্তাব দেওয়ার মুহূর্তের একাধিক ছবি।
ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাসে ভেসে যান তারা। মাত্র ২০ মিনিটে ইনস্টাগ্রাম পোস্টটিতে ১৮ লাখের বেশি লাইক পড়ে। এনএফএলসহ বিভিন্ন সেলিব্রিটি ও ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন সুইফট-কেলসে জুটিকে।
দুই বছর ধরে সম্পর্কে ছিলেন তারা। সম্পর্কের সূচনা ২০২৩ সালে, যখন টেলর সুইফট কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্ম করেন। তবে কেলসে তার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন আরও আগেই—২০১৬ সালেই।
প্রথমে গুঞ্জন, এরপর ধীরে ধীরে তা প্রকাশ্যে আসে। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে প্রেমের গুজব শুরু হলেও, সেই বছরের ডিসেম্বরে সুইফট নিজেই স্বীকার করেন তাদের সম্পর্কের কথা।
এদিকে, বাগ্দানের আনন্দের মধ্যেই সুইফট ভক্তদের জন্য আরেকটি চমক রেখেছেন। চলতি মাসের শুরুতে তিনি ঘোষণা দিয়েছেন নিজের ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর। অ্যালবামটি মুক্তি পাবে ৩ অক্টোবর ২০২৫।
তথ্যসূত্র: রয়টার্স





