ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা (৩৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


\r\n

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৭টার দিকে ঢাকায় ইউএনও ফেরদৌস আরার মৃত্যু হয়।


\r\n

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়লে গত সোমবার চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।


\r\n

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় তিনি ফেরদৌস আরার সঙ্গে একসঙ্গে উপস্থিত ছিলেন। সভার পরদিনই তিনি অসুস্থ হয়ে পড়েন।


\r\n

ফেরদৌস আরার স্বামীর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে হলেও তাঁর বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়িতে। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।


\r\n

৩৬তম বিসিএসের এই কর্মকর্তা গত বছরের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।