জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবা হারিয়েছেন এই গায়ক। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন আতিফের বাবা মুহাম্মদ আসলাম। আতিফ আসলামের বাবার জানাজার নামাজ লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে অনুষ্ঠিত হবে। সেখানে পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে একত্রিত হবেন।

পাকিস্তান অবজার্ভার থেকে জানা যায়, আতিফ আসলাম সবসময়ই তার বাবা-মায়ের সঙ্গে গভীর সম্পর্কের কথা খোলাখুলিভাবে বলেছেন। তিনি প্রায়ই উল্লেখ করতেন, বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তিনি বাবা-মায়ের সঙ্গে পরামর্শ করতেন। পরিবারের প্রতি তার এই দৃঢ় মূল্যবোধ জীবনের বড় অংশ জুড়ে রয়েছে। বাবার মৃত্যু তার পরিবারে বিশাল শূন্যতা তৈরি করেছে।

মুহাম্মদ আসলামের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সহশিল্পীরা আতিফ ও তার পরিবারের জন্য সমবেদনার জানিয়েছে।চ যদিও আতিফ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। তবে তার কাছের মানুষরা অনুরোধ করেছেন যেন এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করা হয়।

আতিফ আসলাম একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তার বাবা কীভাবে ক্যারিয়ার শুরু থেকেই ছেলের পাশে ছিলেন। শুরুর দিনগুলো থেকেই তিনি আতিফকে স্বপ্ন অনুসরণ করতে উৎসাহ দিয়েছেন এবং কখনো হাল ছাড়তে দেননি। 

আতিফ আসলাম ২০০০ সালের শুরুর দিকে তার প্রথম অ্যালবাম ‘জলপরী’ দিয়ে সংগীতজীবন শুরু করেন। পাকিস্তান ছাড়াও ভারতীয় চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি উপমহাদেশজুড়ে ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন। উর্দু ছাড়াও একাধিক ভাষায় গান গেয়ে তিনি বহুমুখী প্রতিভার প্রমাণ রেখেছেন।