স্বৈরাচারী সরকার অপসারণের পরেও দেশে এখনো মুক্তভাবে মত প্রকাশে সংকোচ অনুভব হয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড কার্যালয়ে ‘কেলেঙ্কারির অর্থনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, “বলা হয়—দল যার যার, দেশ সবার। কিন্তু বাস্তবে দেশ সবার নয়, যার ক্ষমতা আছে, দেশটা তার। আমরা স্বৈরাচারকে সরিয়ে দিয়েছি, কিন্তু এখনো বলার জায়গায় সংকোচ আছে।”
তিনি বলেন, “এই অন্তর্বর্তী সরকার বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বললেও বাস্তবে বাজেটে শহুরে মধ্যবিত্তের মূল্যস্ফীতি মোকাবেলায় সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ প্রান্তিক জনগোষ্ঠী এখনো সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।”
সাংবাদিকদের চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দিতে গিয়ে ড. দেবপ্রিয় বলেন, “সরকার বা মালিকপক্ষ ছাড়াও এখন ‘নৈতিক খবরদারি’ করতে চাওয়া একটি আগ্রাসী পাঠকগোষ্ঠী তৃতীয় প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে। এরা এতটাই উগ্র হয়ে উঠেছে যে সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়ার দাবি কিংবা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো বক্তব্যও প্রকাশ্যে দিচ্ছে।”
তিনি সতর্ক করে বলেন, “যদি সাংবাদিকরা দুর্বল হয়ে পড়ে, তবে নাগরিক সমাজ দুর্বল হবে, রাজনীতি দুর্বল হবে, আর তার প্রভাবে উৎপাদনশীল অর্থনীতিও দুর্বল হয়ে পড়বে—যার ফলে দেশ পিছিয়ে যাবে।”
অনুষ্ঠানে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, “বর্তমান সরকারের আমলে অর্থনীতি নিয়ে বেশ কিছু শ্বেতপত্র ও টাস্কফোর্সের প্রতিবেদন তৈরি হলেও, সরকারের সে বিষয়ে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। আমলা, রাজনীতিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে উঠেছে সংস্কারবিরোধী একটি প্রভাবশালী জোট।”
তিনি বলেন, “ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চান, তাদের উচিত অর্থনীতির বিষয়ে তাদের নীতি ও পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরা।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শারমীন নীলরমি বলেন, “বইটিতে অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের নাম উঠে এলেও যারা তাদের পেছনে নির্দেশনা দিয়েছেন, সেই হুকুমদাতাদের নাম অনুপস্থিত।”
বইটির লেখক শওকত হোসেন মাসুম বলেন, “গত কয়েক দশকে কীভাবে ব্যাংক, শেয়ারবাজার ও অন্যান্য খাতে পরিকল্পিতভাবে লুটপাট হয়েছে, তার দলিল এই বই। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে একটি লুটেরা ধনিক শ্রেণি কীভাবে গড়ে উঠেছে, তার বিস্তারিত বিশ্লেষণ এতে তুলে ধরা হয়েছে।”
‘কেলেঙ্কারির অর্থনীতি’ বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (UPL)। বইটিতে খেলাপি ঋণ, অবৈধ অর্থপ্রবাহ, ব্যাংক ও পুঁজিবাজার লুটপাটের নানা চিত্র বিশ্লেষণ করা হয়েছে।





