খুলনায় আক্তার হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বটিয়াঘাটা উপজেলার দারোগারভিটা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আক্তার হোসেন নগরীর গল্লামারী এলাকার বাসিন্দা। তিনি জানান, তার ভাগনে শাহেদের ৪–৫ জন বন্ধু তাকে ঘটনাস্থলে ডেকে নেয়। সেখানে পৌঁছানোর পর তাকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের রগ কেটে দেওয়া হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. বাপ্পারাজ জানান, আক্তার হোসেনের দুই হাতই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাম হাতের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, হামলাকারীরা আক্তার হোসেনের পূর্বপরিচিত। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।