জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় গিয়ে বিএনপি এখন গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, “কথায় বলে, যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ। তারা আজ রাবণ হয়ে গেছে। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গেছে।”

শনিবার (তারিখ) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বর্তমান বিএনপি সরকারের ওপর জনগণের আস্থা নেই। তিনি দাবি করেন, তারা ভোটের একটি বড় অংশকে অস্বীকার করেছে এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বাধা দিয়েছে।

তিনি আরও বলেন, মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিভিন্ন অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, “যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, ইতিহাসে তাদের পরিণতি ভালো হয়নি।”

তিনি আরও বলেন, শুধু সংসদ নয়, রাজপথেও গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে। তার ভাষায়, “গণভোট, জুলাই সনদ এবং শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে সরকারকে বাধ্য করতে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।”

সরকারকে সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি ছিল। কিন্তু সেই ঐক্য ভেঙে গেছে। বর্তমান সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।