নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌরুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু হওয়ার দিন বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নতুন ফেরি ‘মহানন্দা’ উদ্বোধনের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুই দলের মধ্যে মনোমালিন্য থেকে কথিত ধাক্কাধাক্কি ও তর্কবিতর্ক শুরু হয়, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়।
ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাটে কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। নতুন সার্ভিসের মাধ্যমে প্রায় ৭ লাখ হাতিয়াবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যা ও যানবাহন ও মালামাল পরিবহনের অসুবিধা দূর হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের উদ্যোগে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌরুটে ফেরি সার্ভিস চালু হচ্ছে।





