চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে এক বিএনপি কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে ১১টি বন্দুকসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ওই বাড়ির মালিক বিএনপি কর্মী মুহাম্মদ কামালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-৭ এর একটি দল নোয়াপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে অভিযান চালায়। গ্রেপ্তার কামাল (৫০) খায়েজ আহমদের ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
অভিযানে কামালের চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮) ও পরিবারের এক কিশোর সদস্যকেও আটক করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি বন্দুক, ২৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৫টি কার্তুজ ও ৮টি ক্রিকেট স্ট্যাম্প। এছাড়া বাড়ির আঙিনা, পুকুরপাড় ও আলমারিতে লুকানো গাঁজা ও বিদেশি মদও উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির তিনটি মামলা রয়েছে। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
তবে গ্রেপ্তারদের পরিবারের দাবি, তারা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার। চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রতিপক্ষের লোকজন অস্ত্রগুলো তাদের বাড়িতে লুকিয়ে রেখেছে বলে পরিবারের অভিযোগ।





