দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর রাজনৈতিক কর্মতৎপরতা জোরদার করতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হন।
বিএনপির মিডিয়া সেল জানায়, স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই প্রথম সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিলেন তারেক রহমান। তিনি গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন।
এদিকে একই দিনে সকালে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন তারেক রহমান। এ লক্ষ্যে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার রোববার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করেন।





