বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে বিএনপি রাজি হয়নি। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট নির্বাচন কমিশনের জন্য একটি ‘এসিড টেস্ট’। তার মতে, একই দিনে নির্বাচন ও গণভোট হলে ভোটারের উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত রোববার (২ নভেম্বর) জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। তাহের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিলেন, “জামায়াত বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যাই করতেছেন এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি এবং দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি।”
তিনি আরও বলেন, সত্যিকারের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমন্বয় জরুরি। আগামী সোমবার জামায়াতের দলীয় বৈঠকে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।





