বরগুনার বামনা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। একই সঙ্গে বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিজুর রহমান দিনারও দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) বিকেলে সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। ২০১৪ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘ প্রায় ১১ বছর তিনি দলের পুনর্বহালের জন্য আবেদন করেছেন, তবে কোনো ফল পাননি। এ কারণে তিনি বিএনপির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মামুন জানিয়েছেন, তার সিদ্ধান্তের পিছনে ব্যক্তিগত স্বার্থ বা পদ-পদবির আকর্ষণ নেই, বরং মানুষের কল্যাণে রাজনীতি করার প্রত্যয়েই তিনি এই পথ বেছে নিয়েছেন।

সভায় জেলা জামায়াতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন এবং বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদসহ অর্ধশতাধিক স্থানীয় নেতা উপস্থিত ছিলেন। বামনা সদর ও রশীদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুসও অনুষ্ঠানে যোগ দেন।