কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপির এক নেতা ভুল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বক্তব্যে নাম নেওয়া নেতার নাম মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। তিনি তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।” পরে পাশে থাকা অন্যান্যরা তার ভুল সংশোধন করলে তিনি বক্তব্য পুনরায় শুরু করেন।
ভাইরাল হওয়া ভিডিওর দৈর্ঘ্য ১৪ সেকেন্ড। স্থানীয় বিএনপি নেতারা জানান, শুক্রবার সকাল ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জান সরকার। সভার এক পর্যায়ে সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া তার বক্তব্য দেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনার জন্ম দিয়েছে।





