বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। নির্বাচনকে সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল এবং মাঠপর্যায়ের কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দিতে এই ধারাবাহিক সভার আয়োজন করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সভাটি শুরু হয়। এতে অর্ধশতাধিক প্রার্থী অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক দলীয় প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের মতবিনিময় সভা শুরু হয়েছে। এর আগে, ১৭ ও ১৮ ডিসেম্বর ১৯০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় নিজেদের বিরুদ্ধে থাকা মামলার সঠিক তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মনোনয়ন ফরম পূরণের সময় আইনজ্ঞদের সহায়তা নেওয়া এবং নির্বাচনের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন, ভোটের প্রচার কৌশল এবং নির্বাচনী পরিকল্পনা যেমন ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদানের মতো বিষয়গুলো তুলে ধরার নির্দেশও দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দফায় ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি।





