জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি বঙ্গভবন ও ভারতের প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে সাইবার অ্যাটাক চালাচ্ছে। তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ “পশ্চিম পাকিস্তান” হয়ে যাবে বলে মানুষকে ভয় দেখানো হচ্ছে। পাশাপাশি ভোট দিতে গেলে পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।


\r\n

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়স্থ ট্রাকস্ট্যান্ড মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

\r\n

গোলাম পরওয়ার বলেন, বিএনপি এখন ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া। এর আগে তারা বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ফলাফল জনগণ আজও দেখেনি। তিনি উল্লেখ করেন, এসব আশ্বাস আসলে মানুষকে বিভ্রান্ত করার কৌশল।

\r\n

তিনি বিএনপির নতুন সভাপতি তারেক রহমানের জামায়াতের অতীত নিয়ে প্রশ্নের জবাবে বলেন, দুর্নীতির সাগরের মধ্যে জামায়াত কীভাবে সৎ থাকতে পারে সেটিই প্রমাণ করার জন্য তখন কেউ পদত্যাগ করেনি। তিনি স্বাধীনতার পর ৫৪ বছরে দেশ শাসন করা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে দুর্নীতি, দলীয়করণ ও নির্যাতনের সঙ্গে যুক্ত উল্লেখ করে এদের দিয়ে আর দেশ পরিচালনা সম্ভব নয় মন্তব্য করেন।

\r\n

গোলাম পরওয়ার ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতিকে ভুয়া ও বাস্তববিরোধী আখ্যা দিয়ে বলেন, দেশের জনসংখ্যা ১৮ কোটি হলেও বিএনপি ৫০ কোটি কার্ড দেওয়ার কথা বলছে।

\r\n

নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে এবং মাস্তানদের কোনো অপ্রীতিকর কাজ ধরা পড়বে।

\r\n

জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের ১১-দলীয় জোট মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।