ভোলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে ভোলায় বিএনপি ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।


শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে ভোলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় জেলা বিজেপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভোলা জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীরের মনোনয়নের সমর্থনে নেতাকর্মীরা মহাজনপতি দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একই সময়ে নতুন বাজারে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর মনোনয়নের সমর্থনে বিজেপি নেতাকর্মীরাও তাদের কার্যালয়ের সামনে স্লোগান দিতে থাকেন।


কিছুক্ষণ পর বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে নতুন বাজারের দিকে অগ্রসর হলে বিজেপি কর্মীরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে বিজেপি নেতাকর্মীরা পিছু হটলে বিএনপি কর্মীরা বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


এ বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেন, “আমরা আন্দালিব রহমান পার্থর পক্ষে একটি র‍্যালির প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই বিএনপি নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে। এতে আমাদের প্রায় ৩০ জন আহত হয়েছে। ৫ আগস্টের পর থেকে আমরা যে সুষ্ঠু নির্বাচনের আশা করছিলাম, এই হামলার পর সেই পরিবেশ আর দেখা যাচ্ছে না।”


অন্যদিকে, ঘটনাটির পর জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ জানায় বিএনপি। তারা দাবি করে, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রথমে বিজেপি কর্মীরাই হামলা চালায়।” সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “বিজেপির প্রায় ৩০-৪০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”