ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের জন্য তেমন কোনো কাজ হয়নি। মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও সম্প্রসারিত হয়েছিল, অথচ বর্তমানে প্রকল্পটি কার্যত বন্ধ। বিএনপি ক্ষমতায় এলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে, খাল খনন করা হবে এবং পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে।
পদ্মা পাড়ের মানুষের উদ্দেশে তিনি পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। তার ভাষায়, ব্যারেজ হলে এ অঞ্চলের মানুষ সরাসরি উপকৃত হবে। একই সঙ্গে রাজশাহীর আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং নতুন কর্মসংস্থান তৈরির কথাও জানান তিনি।এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুরো উত্তরাঞ্চলের প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।
তিনি বলেন, দেশ গণতন্ত্রের পথে যাবে নাকি অন্য পথে যাবে, সে সিদ্ধান্ত ১২ তারিখে জনগণকেই নিতে হবে। গণতন্ত্র রক্ষা না হলে জনগণের প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। যেকোনো মূল্যে গণতন্ত্রের পতাকা সমুন্নত রাখতে হবে।
তারেক রহমান আরও বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং সংঘাত চায় না। সে কারণে তিনি কারও বিরুদ্ধে কটাক্ষ করতে আগ্রহী নন। সমালোচনা করে সাধারণ মানুষের কোনো উপকার হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেগুলোর সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে দেশের আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা জরুরি।





