বিএনপি যদি গণভোটে অংশ না নেয়, তাহলে সেটি অর্থহীন হয়ে পড়বে—ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি মনে করেন, গণভোট আয়োজনের আগে বিষয়টি বাস্তবভাবে ও গভীরভাবে বিবেচনা করা উচিত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ঐকমত্য কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট আমলে নেওয়া হয়নি। আরও বেশ কিছু বিতর্কিত বিষয় রয়ে গেছে, যার ফলে ঐক্যের পরিবর্তে বিভেদ তৈরি হয়েছে। বিশ্বের কোথাও এমন নজির নেই যে পার্লামেন্টে আলোচনা ছাড়াই এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “যারা দেশে গণহত্যা চালিয়েছে, রাষ্ট্রীয় অর্থ লুট করেছে এবং পরে বিদেশে পালিয়েছে—তারা কখনোই চায় না নির্বাচনে স্বচ্ছতা বা সুষ্ঠুতা আসুক। এমনকি কিছু বিদেশি রাষ্ট্রও এই নির্বাচন প্রক্রিয়াকে সহজভাবে নিতে পারছে না। অনেকে প্রশ্ন তুলছেন—আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন করে হবে? অর্থাৎ একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন যেন না হয়, সে জন্যই একটি গোষ্ঠী বাধা দিচ্ছে। আসলে নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের মধ্যে কোনো টানাপোড়েন নেই।”
এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, নেতা শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





