জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করার জন্য বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

রোববার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যা-ই করতেছেন, এবার সেটি বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি।”

তিনি আরও বলেন, “দেশের এ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা প্রয়োজন। বিএনপিকে আমরা আহ্বান জানাচ্ছি একসঙ্গে বসার জন্য। আলোচনায় আমরা দেখব কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা যায়।”

তাহের জানান, “রাজনীতিতে অনেক খেলা রয়েছে, কিন্তু আমরা সেই খেলায় অংশ নিতে চাই না। আগামীকাল সোমবার জামায়াতের দলীয় বৈঠক রয়েছে, সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।”

জানতে চাইলে যে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তাহের বলেন, “আমরা এই আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। দেখা যাক তারা কী প্রতিক্রিয়া দেখায়।”