বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, ঐক্যবদ্ধ অবস্থায় থাকা বিএনপিকে কোনো দলই পরাজিত করতে পারবে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর ইউনিয়নে বিএনপির আয়োজন করা এক সভায় তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বহু মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। কিন্তু সবাই বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের জন্য ভোট চাইছেন। কোনো প্রার্থী অন্য প্রতীকের পক্ষে কাজ করছেন না। তাই দলের মধ্যে অনৈক্য থাকা উচিত নয়। তিনি সবাইকে একত্রিত হয়ে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সভায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালাউদ্দিন সালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান।





