ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন শাহাদাত হোসেন সেলিম। সোমবার (৮ ডিসেম্বর) তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমদু চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
বিএনপিতে যোগ দেওয়ার পর শাহাদাত হোসেন সেলিম জানান, তার রাজনৈতিক যাত্রা ছাত্রদল থেকে শুরু হয়েছে। পরে তিনি চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিছু সময়ের জন্য হয়ত বিএনপি ছাড়তে হয়েছে, তবে সবসময় হৃদয়ে দলটিকে ধরে রেখেছেন। ২০১২ সালের পর থেকে তিনি প্রত্যক্ষভাবে বিএনপির সঙ্গে রাজনীতি করে আসছেন। তিনি নতুনভাবে যোগ দেওয়া বিএলডিপি নেতাকর্মীদের প্রতি মূল্যায়ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যুগপথে আন্দোলন করেছি, যার মধ্যে বিএলডিপি অন্যতম। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটানো সম্ভব হয়েছে। তিনি জানান, আগামী নির্বাচনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষ মার্কায় মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলের সকলকে তাকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শাহাদাত হোসেন সেলিম দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং ১২ দলীয় জোটের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি লক্ষীপুর জেলার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ‘এক সময় শাহাদাত হোসেন সেলিম বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন এবং ছাত্রদল থেকেও রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে।’





