লালমনিরহাটে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির (জাপা) ৫৬ জন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্য বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন। সদর উপজেলার ৯টি ইউনিয়নের এই নেতারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগদান করেছেন।
শনিবার (৮ নভেম্বর) রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। এর আগে গত ২০ অক্টোবর মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের হলরুমে তারা একযোগে পদত্যাগের ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। যোগদান শেষে প্রত্যেক ইউপি সদস্যকে বিএনপির সদস্য কার্ড এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সম্বলিত একটি করে ছাতা প্রদান করা হয়।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ইউপি সদস্যদের উদ্দেশে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করায় আপনাদের সাধুবাদ। আপনারা শুধু রাজনৈতিক দল পরিবর্তন করেননি, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে নতুন দিগন্তের সূচনা করেছেন।”
তিনি আরও যোগ করেন, “আপনারা তৃণমূলের জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। আপনারা যে গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে যোগদান করেছেন, তা প্রমাণ করে দেশের মানুষ স্বাধীন ভোটাধিকার ও গণতন্ত্রের মুক্তি চাইছে, এবং বিএনপি সেই মুক্তির একমাত্র কাণ্ডারি।”
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাইদুল ইসলাম পাটোয়ারী সহ সদর উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।





