সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতা রোকন নুর মোহাম্মদ বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ফুটবল মাঠে জেলা বিএনপির নেতা ও ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি দলীয় কার্যালয়ে প্রবেশ করেন।

জনসভার অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী মো. আব্দুর রউফ ও জেলা বিএনপির নেতৃবৃন্দ তার হাতে ফুলের তোড়া তুলে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান ঘোষণা করেন।

রোকন নুর মোহাম্মদ বলেন, “পূর্বের জামায়াতে ইসলামী এবং বর্তমান জামায়াত এক নয়। তারা নামে ইসলামী, কাজে নয়। মানুষকে ধর্মের নামে ভুল পথে নিয়ে যাচ্ছে। বিএনপির আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে, তাই আমি জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগ দিলাম।” তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয়ী করতে কাজ করবেন এবং দলের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

বিএনপির পক্ষ থেকে রোকন নুর মোহাম্মদকে অভিনন্দন জানানো হয়। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।