বরিশালের বাবুগঞ্জে আলোচিত ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যা মামলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তারা বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে, বিচারক মো. ফারুক হোসেন শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


কারাগারে পাঠানো আসামিরা হলেন বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক এলাকার নাবীদ হাসান শান্ত, মিজানুর রহমান কবিরাজ, মো. বাবুল হাওলাদার, চর হোগলা এলাকার শফিউল আজম শাহিন ফরাজী, এমদাদুল হক মিলন ও তার ভাই জহিরুল ইসলাম, সাইদুর রহমান, খান মো. সোহাগ, সফিকুল ইসলাম সবুজ হাওলাদার, রফিক মুন্সি, সুমন বেপারী ও আব্দুল্লাহ হাওলাদার। তারা সবাই স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী।


বেঞ্চ সহকারী জানান, আসামিরা পূর্বে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। সোমবার জামিনের মেয়াদ শেষ হলে তারা পুনরায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিন রাতেই বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে নিজের দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা রবিউল ইসলাম (২৬)। রবিউল আগরপুর গ্রামের বাসিন্দা এবং একই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান ওরফে দুলাল হাওলাদারের ছেলে।


এজাহারের বরাতে জানা গেছে, রবিউল ইসলাম ব্যবসার উদ্দেশ্যে সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়ি বাবুগঞ্জে এসেছিলেন। ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির রায় উপলক্ষে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পূর্ব শত্রুতার জেরে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে রবিউল ইসলামের ওপর হামলা চালায়। তারা চাকু, ছোরা, সুইচগিয়ার, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।


স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।