বিএনপি ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই নেতাদের আবেদনের প্রেক্ষিতে।
শনিবার (২৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১১ আগস্ট বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের সব পদ স্থগিত করা হয়েছিল। এবার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। শিরীন এখন থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে দায়িত্বে থাকবেন।
এছাড়া, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ এপ্রিল বরিশাল উত্তর জেলাধীন হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহসভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাড়ি, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং বরিশাল মহানগরের ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. জাহিদকে স্থগিত করা হয়েছিল।
নেতাদের আবেদন ও দলের সিদ্ধান্তের ভিত্তিতে তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তারা পুনরায় পদে বহাল থাকবেন।





