ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

\r\n

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

\r\n

এদিন যাচাই-বাছাইয়ে ওই আসনে দাখিল করা মোট ১১ জন প্রার্থীর সবকটি মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়।

\r\n

মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি তার কোনো ক্ষোভ বা কষ্ট নেই। দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে দায়িত্ব তিনি পেয়েছিলেন, তা নিজের বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। সে দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করেছেন।

\r\n

তিনি বলেন, ২০১৯ সাল থেকে সংসদে তার ভূমিকা সবার জানা। ২০২২ সালের ডিসেম্বরে দল যখন তাকে পদত্যাগ করতে বলে, তখন তিনি কোনো দ্বিধা ছাড়াই তা মেনে নেন। দল যদি নতুন নেতৃত্ব চায়, সেটিকে তিনি স্বাগত জানান। দল যদি মনে করে তার আর প্রয়োজন নেই, সেটিও তিনি মেনে নেবেন বলে জানান রুমিন ফারহানা।

\r\n

তিনি আরও বলেন, কিছু এলাকায় তার কর্মীদের হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হবে। নির্বাচনে প্রভাব ফেলা বা নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও জানান।

\r\n

উল্লেখ্য, জোটগত সমঝোতার অংশ হিসেবে বিএনপি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবের জন্য ছেড়ে দেয়।