কুড়িগ্রামের চিলমারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুল চলাকালীন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অসুস্থতার কথা বলে কর্তৃপক্ষের কাছে মৌখিক ছুটি নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নেন তি‌নি।

অ‌ভিযুক্ত ওই শিক্ষকের নাম জিয়ারা খাতুন রোজি। তিনি অষ্টমীর ইউনিয়নের চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বলে জানা গে‌ছে।


খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সে‌প্টেম্বর) সকালে চিলমারী উপজেলা পরিষদ সংলগ্ন বিএনপির উপজেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় শিক্ষক জিয়ারা খাতুন রোজি র‍্যালির সম্মুখ সারিতে অবস্থান করেন। অথচ তিনি এদিন সকাল ১০টায় অসুস্থতার কারণ জানিয়ে ফোনে সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের কাছ থেকে মৌখিক ছুটি নিয়েছিলেন।