ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪১ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


\r\n

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সদস্যসচিব হয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং শামসুজ্জামান দুদু, এবং প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। নির্বাচনী কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানকে


\r\n

দলীয় সূত্র জানায়, দীর্ঘ বিরতির পর সম্প্রতি মনির খান আবারও বিএনপিতে সক্রিয় হয়েছেন। দেশে ফেরার পর তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এর আগে কয়েক মাস আগে লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মনির খান। সাক্ষাৎকালে তিনি দলের প্রতি আস্থা পুনঃস্থাপন করে, রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেন।


\r\n

মনির খান আগেও বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঝিনাইদহ-৩ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে দল ছাড়েন। ২০১৮ সালে পদত্যাগের সময় তিনি বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


\r\n

রাজনীতিতে ফেরার সঙ্গে সঙ্গে মনির খানের নাম বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভুমিকায় উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, তার উপস্থিতি দলের সাংস্কৃতিক ও জনসংযোগ কার্যক্রমে নতুন উদ্যম যোগ করতে পারে।